জ্বালানি তেলের মূল্য সমন্বয় সবাইকে পীড়া দিচ্ছে। এখান থেকে দ্রুত বের হওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে নারায়ণগঞ্জে বর্জ্য থেকে ৬ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সারা বিশ্বেকে বদলে দিয়েছে। বিশ্বের অর্থনীতি এখন মূল্যস্ফীতির শিকার। অনেক দেশে মূল্যস্ফীতির হার ১০ থেকে ২০ শতাংশ হয়ে গেছে। আমরাও এর বাইরে না। দেশে এটি এখন ৮ শতাংশের কাছাকাছি।
তিনি বলেন, মূল্যস্ফীতি কেউ চায় না। এর প্রভাব মানুষকে ব্যাপক অর্থনৈতিক কষ্টের দিকে ঠেলে দেয়। আমরা এখন এ অবস্থা অতিক্রম করছি। মূল্য সমন্বয়, লোডশেডিংয়ের মধ্য দিয়ে আমরা পরিস্থিতি সামলানোর চেষ্টা করছি।
নসরুল হামিদ বলেন, ভবিষ্যৎ সম্ভাবনা কী, তা–ও অনুমান করা যাচ্ছে না। আমরা কষ্ট করছি, বিশ্বের অনেক দেশ আরো বেশি কষ্ট করছে। জ্বালানি তেলের মূল্য সমন্বয় সবাইকে পীড়া দিচ্ছে। এখান থেকে দ্রুত বের হওয়ার চেষ্টা করা হচ্ছে। আর কয়টা মাস ধৈর্য ধরুন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।
তিনি আরো বলেন, সংকট কাটাতে আমরা নবায়নযোগ্য জ্বালানিতে যাচ্ছি। আমাদের লক্ষ্য আছে—সব মিলিয়ে নবায়নযোগ্য জ্বালানি থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চাই। এজন্য এখন থেকেই কাজ করা হচ্ছে।
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বৈদ্যুতিক গাড়ির বিষয়ে একটি গাইডলাইন ইতোমধ্যে আমরা তৈরি করেছি। এটি চূড়ান্ত হলে আমরা আরও এগিয়ে যাবো। তেলচালিত গাড়ির চেয়ে বৈদ্যুতিক গাড়ির এফিসিয়েন্সি বেশি। তাই এটিকে আমরা গুরুত্ব দিচ্ছি। বিশ্বের বহু দেশ হাইড্রোজেন নিয়েও কাজ করছে। আমরাও বিষয়টি চিন্তা করছি।
অনুষ্ঠানে জানানো হয়, চুক্তির আওতায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঝালকুড়িতে সিটি করপোরেশনের বর্জ্য থেকে ৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করবে চীনা কোম্পানি ইউ অ্যান্ড ডি গ্রুপ। দিনে তাদের ৬০০ টন বর্জ্য সরবরাহ করবে সিটি করপোরেশন। বর্জ্য দিতে না পারলে জরিমানা দিতে হবে। আর বর্জ্য নিতে না পারলে বিদ্যুৎ কেন্দ্র তাদের ভর্তুকি দেবে। এ কেন্দ্র থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ ১৯ টাকা ৮৭ পয়সায় কিনে নেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী প্রমুখ।