সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা যাচাইয়ে ২০২১ সালে টুইটার ব্যবহূত তথ্য ব্যবহারে ইলোন মাস্ককে অনুমতি দিয়েছেন আদালত। তবে ৪ হাজার ৪০০ কোটি ডলারে মাইক্রোব্লগিং প্লাটফর্ম অধিগ্রহণে অন্যান্য তথ্যপ্রাপ্তিতে সমালোচনায় থাকা মাস্কের আবেদন নাকোচ করে দেয়া হয়েছে। খবর টেকটাইমস।
রয়টার্সের তথ্যানুযায়ী, প্লাটফর্মে স্প্যাম বা ভুয়া অ্যাকাউন্ট শনাক্তে ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে সংগৃহীত নয় হাজার অ্যাকাউন্টের তথ্য মাস্কের কাছে হস্তান্তরে টুইটার বর্তমানে বাধ্য। অন্যদিকে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমটি জানায়, অ্যাকাউন্টগুলোর তথ্য সংরক্ষিত নেই এবং এগুলো খুঁজে পেতে বেশ ঝামেলা পোহাতে হবে। চ্যান্সেলর ক্যাথালিন ম্যাককরমিক দুই সপ্তাহের মধ্যে মাস্কের কাছে তথ্য সরবরাহে টুইটারকে নির্দেশ দিয়েছেন।
টেসলাপ্রধান ও মার্কিন ধনকুবের মাস্কের অভিযোগ, আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার আসল ব্যবহারকারীর সংখ্যা প্রকাশে কারচুপি করেছে। এ কারণে অধিগ্রহণ চুক্তি বাস্তবায়নের আগে তিনি প্রতিষ্ঠানটির কাছে প্লাটফর্মে থাকা স্প্যাম বা ভুয়া অ্যাকাউন্টের তথ্য চান।
অন্যদিকে ক্যাথালিন ম্যাককরমিক অন্যান্য তথ্যের জন্য মাস্কের আবেদন নাকোচ করে দিয়েছেন। তিনি রায়ে লেখেন, মাস্ক যেসব তথ্যপ্রাপ্তির আবেদন করেছেন সেগুলো খুবই বিস্তৃত এবং এর জন্য প্রতিষ্ঠানটিকে হাজার কোটি ডাটা পয়েন্ট তৈরি করতে হবে।
টুইটার ২০২১ সালে যে জরিপ চালিয়েছে মাস্ক সেটির যথার্থতা যাচাইয়ে পরীক্ষার কথা জানান। তার বিশ্বাস, টুইটার ইচ্ছাকৃতভাবে প্লাটফর্মে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা মাত্র ৫ শতাংশ বলে উল্লেখ করেছে। পাশাপাশি টেসলাপ্রধান যেন ৪ হাজার ৪০০ কোটি ডলারের অধিগ্রহণ চুক্তি থেকে সরে যেতে পারেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রদানে ম্যাককরমিকের কাছে আহ্বান জানান।

২৪ আগস্ট মামলার শুনানির সময় টুইটার স্প্যাম অ্যাকাউন্টের বিষয়ে মাস্কের মনোনিবেশকে আইনত অপ্রাসঙ্গিক বলে উল্লেখ করেছে। প্রতিষ্ঠানটির দাবি, রেগুলেটরি ফাইলিংয়ে স্প্যাম বা ভুয়া অ্যাকাউন্টের একটি আনুমানিক হার উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটি আরো জানায়, প্রকৃত স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যা আরো বেশি হতে পারে। সিএনএনের তথ্যানুযায়ী, শুনানিতে ইলোন মাস্কের আইনজীবীরা প্লাটফর্মটির একজন তথ্য ফাঁসকারীর দাবিকে বারবার নির্দেশ করছিলেন।


















