এক দশকেরও বেশি সময় ধরে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা ভালভের স্টিম অ্যাপ্লিকেশন চালিয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে স্টিম মোবাইল অ্যাপ নিয়ে খুব একটা তোয়াক্কা করেনি প্রতিষ্ঠানটি। একে তো অ্যাপটি এখন বেশ প্রাচীন হয়ে গিয়েছে, তার ওপর এটি ব্যবহার করাও কঠিন। তবে আশার খবর হচ্ছে অ্যাপটির নতুন ভার্সন নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। খবর এনগ্যাজেট।
এক ব্লগ পোস্টে ভালভ নতুন স্টিম অ্যাপটির বেটা পরীক্ষার কথা নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানায়, আমরা অ্যাপটি একটি নতুন ফ্রেমওয়ার্ক ও আধুনিক ডিজাইনে তৈরি করছি। আগের ফিচারগুলোর পাশাপাশি নতুন আরো বেশ কয়েকটি ফিচার যোগ করা হয়েছে নতুন অ্যাপটিতে। নতুন অ্যাপটিতে রয়েছে ইন্টেলিজেন্ট নোটিফিকেশন, মাল্টি অ্যাকাউন্ট সাপোর্ট এবং স্টিম অ্যাকাউন্টে লগইন করার নতুন পদ্ধতি। ইউজারনেম, পাসওয়ার্ড ও স্টিম গার্ড যাচাইকরণের পরিবর্তে একটি কিউআর কোড ব্যবহার করে খুব সহজেই লগইন করতে পারবেন ব্যবহারকারীরা। বিশেষজ্ঞরা বলছেন, এটিই সম্ভবত ভালভের সবচেয়ে বেশি কার্যকর ফিচার।
সংশ্লিষ্টরা জানান, নতুন অ্যাপটি নিঃসন্দেহে আগের অ্যাপটির একটি উন্নত সংস্করণ। তবে অ্যাপটিতে অন্যান্য বেটা সফটওয়্যারের মতোই কিছু সমস্যা রয়েছে। অর্থাৎ স্টিম অ্যাপটির বেটা সংস্করণটি ধীরগতির ও প্রচুর বাগ (কোডিং ত্রুটি) রয়েছে। এ সত্ত্বেও নতুন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিশ্লেষকরা। প্রতিষ্ঠানটি জানায়, যত দ্রুত আমরা আপনাদের মতামত পাব, তত ভালো। যখন একাধিক মোবাইল ও ডিভাইসে অ্যাপটি ব্যবহার করা হবে তখন মতামত ভালো কাজে দেবে।