শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ মঙ্গলবার (৩০ আগস্ট) আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্ট শুরু করতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে বাংলাদেশ টেলিভিশন, গাজি টিভি ও নাগরিক টেলিভিশন।
এরইমধ্যে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে আট উইকেটে হারিয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছে আফগানিস্তান। জয়ের ব্যবধানের চেয়ে বড় বিষয় ছিল শ্রীলংকার বিপক্ষে পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করেছে খেলেছে আফগানিস্তান। লঙ্কানদের বিপক্ষে আফগানদের এমন জয় বাংলাদেশের জন্য বিশেষ এক সতর্কবার্তা।
কিন্তু আফগানিস্তানের এমন জয়ে মোটেও বিচলিত নয় বাংলাদেশ শিবির। সাকিব আল হাসানের অধিনায়কত্বে দল হিসেবে পারফর্ম করে নিজেদের লক্ষ্য অর্জনে বদ্ধপরিকর এখন টাইগাররা।
এ ম্যাচ দিয়ে বাংলাদেশের টি-২০ অধিনায়ক হিসেবে তৃতীয় মেয়াদে নিজের যাত্রা শুরু করবেন সাকিব। এছাড়া বাংলাদেশের তৃতীয় টি-২০ ক্রিকেটার হিসেবে শততম ম্যাচ খেলতে নামবেন সাকিব। তার আগে দেশের হয়ে শততম ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।
উল্লেখ্য, বাংলাদেশের অনুশীলন ম্যাচ এবং প্রশিক্ষণে প্রমাণ মিলেছে, অতীতের চেয়ে বেশি ছক্কা মারার উপর বেশি মনোযোগ দিয়েছে তারা। এমনকি বড় ছক্কা মারতে সক্ষম এমনটাও জানিয়েছেন দলের ব্যাটাররা। আক্রমণাত্মক ব্র্যান্ডের ক্রিকেট খেলতে না পারাই, এই ফরম্যাটে বাংলাদেশের হারের প্রধান কারণ বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
অন্য দিকে আফগান ব্যাটারদের কাছে ছক্কা হাঁকানো মোটেই সমস্যা নয়। প্রথম ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে আফগান ব্যাটারদের ছক্কা মারার দক্ষতা আরও বেশি ফুটে উঠেছে। যে কারণে সহজেই ম্যাচ জিতে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের রেকর্ডও বেশ ভালো। নয় ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে আফগানিস্তান, তিনটিতে জিতেছে বাংলাদেশ। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
বাংলাদেশ দল :
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদি, মোহাম্মদ সাইফুউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ ইমন, নাঈম শেখ এবং তাসকিন আহমেদ।
আফগানিস্তান দল :
মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, আফসার জাজাই, আসমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমদ, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ফজলহক ফারুকী, হাসমতউল্লাহ শাহিদি, হযরতউল্লাহ জাজাই, ইবরাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাভিন উল হক, নূর আহমদ, রশিদ খান ও সামিউল্লাহ শেনওয়ারি।