প্রকৃতপক্ষে পুশ-টু-টক ফিচারের উদ্ভাবক জুম নয়। তবে ২০২০ সালে ব্যবহারকারীদের জন্য সর্বপ্রথম ফিচারটি চালু করে ভিডিও কনফারেন্সিং অ্যাপ্লিকেশনটি। দ্য ভার্জের তথ্যানুযায়ী, সম্প্রতি পুশ-টু-টক ফিচারটি যোগ করার ঘোষণা দিয়েছে গুগল মিট। এক ক্লিকেই ব্যবহারকারী নিজেকে মিউট বা আনমিউট করতে পারবে। টেক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, স্পেসবার চেপে ধরে রেখে নিজেকে মিউট ও ছেড়ে দিলে আনমিউট করতে পারবে ব্যবহারকারীরা।
গুগল মিটের ব্লগস্পট গুগল ওয়ার্কস্পেস আপডেটসের তথ্যানুযায়ী, আগামী মাস থেকেই অ্যাপটিতে পুশ-টু-টক ফিচারটি কার্যকর হবে। তবে ঘোষণার ১৫ দিন পর থেকে ফিচারটি চালানো আরো সহজ হবে। ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে আপডেটে যোগ হবে না। প্লাটফর্মের সেটিংসে প্রবেশ করে ব্যবহারকারীকে আলাদাভাবে তা চালু করে নিতে হবে।
অন্যদিকে সম্প্রতি হে গুগল ভয়েস কন্ট্রোল আপডেটের ঘোষণাও দিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। কোনো ডিভাইস গুগল মিটে থাকা অবস্থায় প্রতিবন্ধকতা এড়াতে গুগল অ্যাসিস্ট্যান্ট নিষ্ক্রিয় থাকবে। এছাড়া অন্যান্য প্লাটফর্মের আপডেটও ঘোষণা করেছে গুগল।


















