চুক্তি অনুসারে পিএসজির সাথে লিওনেল মেসির মেয়াদ বাকি আর মাত্র এক বছর। সম্প্রতি তার সাবেক ক্লাব বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা, বার্সা কোচ জাভি হার্নান্দেজ মেসিকে বার্সায় ফেরানোর আশাবাদ ব্যক্ত করেছেন।
এরপর থেকেই আর্জেন্টাইন এই ফুটবল তারকার বার্সায় ফেরার গুঞ্জন মাথাচাড়া দিয়ে উঠেছে।
ইএসপিএনের সাংবাদিক গেমা সোল জানান, শোনা যাচ্ছে, সাত বারের ব্যালন ডি’অর বিজয়ীর সাথে বার্সেলোনার সম্পর্কে উন্নতি হয়েছে। এর ফলে আগামী গ্রীষ্মে মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা এখন খুবই জোরালো হয়ে উঠছে।
গেলো গ্রীষ্মে মেসি বার্সেলোনা ছাড়েন। তাকে ফ্রি এজেন্ট হিসেবেই ক্লাব ছাড়তে হয়, কারণ নিজেদের অর্থনৈতিক দুরবস্থার কারণে তাকে নতুন চুক্তি দেওয়ার সামর্থ্য ছিল না কাতালান দলটির।
বার্সেলোনা ছাড়ার পর মেসি পাড়ি জমান পিএসজিতে। সেখানে তার চুক্তি দুই বছরের, যার এক বছর কেটে গেছে এরইমধ্যে। তবে ইউরোপীয় সংবাদ মাধ্যমের গুঞ্জন, মেসির সাথে পিএসজি আরো এক বছর চুক্তির মেয়াদ বাড়িয়ে নেওয়ার সুযোগও রয়েছে।
পিএসজিতে বাজে শুরুর পর চলতি বছরের শুরুর দিকে ফর্মটা ধীরে ধীরে ফিরে পেতে শুরু করেন মেসি। দলকে লিগ জেতাতেও সাহায্য করেছেন বেশ। নতুন মৌসুমটাও ইতিবাচকভাবেই শুরু করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামিতে মেসির যাওয়া নিয়েও গুঞ্জন আছে। তবে এখন তার ভাবনা বদলে গেছে, বার্সেলোনাতেই শেষ করতে চান ক্যারিয়ার, এমনই শোনা যাচ্ছে ইউরোপীয় সংবাদ মাধ্যমে।
মেসিকে পিএসজিও সহজে ছেড়ে দেবে বলে মনে হচ্ছে না। চুক্তি নবায়ন করে মেসিকে অন্তত আরো এক বছর খেলানোর ইচ্ছা আছে ক্লাবটির।