আফগানিস্তানের রাজধানী কাবুলে নামাযের সময় মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ২০ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন।
গতকাল বুধবার (১৭ আগস্ট) এ ঘটনা ঘটে। স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছে।
কাবুলে ইতালির পরিচালিত একটি এনজিও হাসপাতাল জানায়, ২৭ জন বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন। এদের মধ্যে তিনজন মারা গেছেন। আহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছেন। তবে বার্তা সংস্থা এপি জানিয়েছে, অন্তত ১০ জন নিহত হয়েছেন।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বোমা বিস্ফোরণে হতাহতের কথা শিকার করেছেন। তবে কতজন আহত ও নিহত হয়েছেন তা তিনি জানাতে পারেননি।
তিনি বলেন, নাগরিকদের হত্যাকারী ও অপরাধীদের শিগগিরই অপরাধের জন্য সাজা দেওয়া হবে। পুলিশের পক্ষ থেকে অনেক হতাহতের কথা বলা হয়েছে। তবে কতজন মারা গেছেন তা নিশ্চিত করা হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর কাবুলের খাইর খান্নার পাশে সিদ্দিকিয়া মসজিদের শক্তিশালী বিস্ফোরণ হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা এপিকে বলেন, নিহতদের মধ্যে মসজিদের ইমাম মোল্লাহ আমির মোহাম্মদ কাবুলি রয়েছেন। এদিকে, ঘটনার পরই ইন্টিলিজেন্ট টিম ঘটনাস্থলে পৌঁছেছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত করছে।
সূত্র: আল জাজিরা