ভিয়েতনামে অ্যাপল ওয়াচ ও ম্যাকবুক উৎপাদন চালুতে আলোচনা চালাচ্ছে অ্যাপল। চীননির্ভরতা কমানো এবং উৎপাদনে বৈচিত্র্য আনার লক্ষ্যে ভিয়েতনামে অ্যাপল পণ্য উৎপাদনে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় কারখানায় পরীক্ষামূলকভাবে অ্যাপল ওয়াচ তৈরি শুরু করেছে অ্যাপলের সরবরাহকারী প্রতিষ্ঠান লাক্সশেয়ার প্রিসিজন ইন্ডাস্ট্রি ও ফক্সকন। প্রথমবারের মতো চীনের বাইরে অ্যাপল ওয়াচ তৈরি করল চুক্তিভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠানগুলো। বিষয় সম্পর্কে অবগত তিনটি সূত্র নিক্কেই এশিয়াকে এ তথ্য নিশ্চিত করেছে।
চীনের বাইরে অ্যাপলের গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র হিসেবে আগে থেকেই আস্থা অর্জন করেছে ভিয়েতনাম। এতদিন ভিয়েতনাম কারখানাগুলোয় আইপ্যাড ট্যাবলেট ও এয়ারপড ইয়ারফোন তৈরি হয়ে আসছিল।
শিল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, অ্যাপল ওয়াচ তৈরিতে আরো দক্ষতা ও সতর্কতার দাবি রাখে। কারণ ছোট্ট একটি কেসে অনেকগুলো যন্ত্রাংশ সংযুক্ত করতে হয়। এমনতর ডিভাইস উৎপাদনের মাধ্যমে ভিয়েতনাম বিশ্ববাজারে আরো আস্থা অর্জন করবে। প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে পরিণত হতে ভিয়েতনামের উচ্চাভিলাষী পরিকল্পনায় রসদ জোগাবে অ্যাপলের এ সিদ্ধান্ত।