স্মার্টওয়াচের বাজারে অবস্থান আরো মজবুত করতে নতুন সিরিজের স্মার্টওয়াচ বাজারে আনছে স্যামসাং ইলেকট্রনিকস। ওয়াচ ৫ সিরিজে উন্নত স্লিপ ট্র্যাকিং বা ঘুম পরিমাপক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইয়াং-তায়ে জং। খবর দ্য কোরিয়া হেরাল্ড।
সম্প্রতি নিউইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। জং আরো বলেন, গ্যালাক্সি ওয়াচ ৫-এ একাধিক প্রযুক্তি রয়েছে, যার মধ্যে একটি বায়োঅ্যাকটিভ সেন্সর রয়েছে, যেটি ব্যবহারকারীর বায়োমেট্রিক জানার মাধ্যমে সুস্থ থাকতে সহায়তা করবে। এছাড়া স্বাস্থ্যকর অভ্যাস ও ঘুমের ধরন শনাক্তের অন্যতম সহযোগ হিসেবে গ্যালাক্সি ওয়াচ ৫ কাজ করবে। ইয়াং স্যামসাং ইলেকট্রনিকসের মোবাইল এক্সপেরিয়েন্স ইউনিটের স্বাস্থ্য গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান।
স্যামসাং ইলেকট্রনিকস অনেক আগে থেকেই ঘুমসংক্রান্ত প্রযুক্তির উন্নয়নে কাজ করে আসছে। ইয়াং জানান, গ্যালাক্সি ওয়াচ ৫-এর স্লিপ স্কোর ফিচার ঘুমের বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণের পাশাপাশি নাক ডাকা, রক্তে অক্সিজেনের পরিমাণ নির্ণয় করার মাধ্যমে ব্যবহারকারী কীভাবে ঘুমাচ্ছে সে বিষয়টি দেখভাল করে। ঘড়িতে থাকা স্লিপ কোচিং ফিচারের মাধ্যমে স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস তৈরি করে নেয়া যাবে।


















