অনেক আলোচনা-সমালোচনা শেষে অবেশেষে সাকিব আল হাসানকে আসন্ন এশিয়া কাপ-বিশ্বকাপসহ টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার (১৩ আগস্ট) অধিনায়কত্বের ইস্যুতে নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে বসেন সাকিব।
এই বৈঠক শেষে সংবাদমাধ্যমকে বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, সাকিবের কাঁধেই উঠছে কুড়ি ওভারের ফরম্যাটের দায়িত্ব। তবে পূর্ণ মেয়াদে নয়, আসন্ন এশিয়া কাপ, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপের জন্য অধিনায়ক করা হয়েছে সাকিবকে। গত ১১ আগস্ট ধানমন্ডিতে করা এক সংবাদ সম্মেলনে পাপন জানান, এবার অধিনায়ক বেছে নেওয়া হবে পূর্ণ মেয়াদে, অন্তত ২ বছরের জন্য।
সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় সাকিবের প্রতি আস্থা সংকটে ভুগছে বিসিবি। বেটউইনার নিউজের সাথে চুক্তি করে বিপাকে পড়ে যান বিশ্বসেরা অলরাউন্ডার। চুক্তি বাতিল করলেও এখনো রয়েছে কিছুটা আস্থা সংকট, বিসিবি সভাপতি সাকিবকে করা নজরদারিতে রাখার কথাও বলেছেন। এর মধ্যেই মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দিয়ে অধিনায়ক করা হলো সাকিবকেই। নেতৃত্ব হারালেও এশিয়া কাপের দলে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ!
সাকিবের সাথে পাপনের এই বৈঠকে উপস্থিত ছিলেন দুই পরিচালক খালেদ মাহমুদ সুজন ও জালাল ইউনুস। সাথে ছিলেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। বিকেল ৪টার পর শুরু হয় এই বৈঠক।
বাংলাদেশের হয়ে এখনো পর্যন্ত ৯ জন ক্রিকেটার টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন। যাদের মাঝে ৫ জন পেয়েছিলেন স্থায়ী অধিনায়কত্ব। ২০০৬ সালে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেন শাহরিয়ার নাফিস। ওই একটি ম্যাচেই নেতৃত্ব দেন বাঁহাতি এই ব্যাটসম্যান, জিম্বাবুয়ের বিপক্ষে জিতিয়েছেন দলকে।