প্রথমবারের মতো পিতা-মাতার নিয়ন্ত্রণের ফিচার এনেছে স্ন্যাপচ্যাট। এক ব্লগ পোস্টে সম্প্রতি মেসেজিং অ্যাপটি জানায়, ক্ষতিকর কনটেন্টের কারণে অল্প বয়সীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় এজন্য এ ফিচার আনা হয়েছে। দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
স্ন্যাপচ্যাটের প্যারেন্ট কোম্পানি স্ন্যাপ জানায়, অ্যাপের নতুন টুলসের মাধ্যমে অভিভাবকরা দেখতে পাবেন তাদের অল্প বয়সী সন্তানরা অ্যাপটিতে কার সঙ্গে বন্ধুত্ব করেছে এবং তারা আগের সাতদিনে কার কার সঙ্গে যোগাযোগ করেছে।
এছাড়া সন্তানরা যদি স্ন্যাপচ্যাটের নীতি লঙ্ঘন করে কোনো কিছু করে তখন পিতা-মাতারা অ্যাকাউন্টগুলোকে রিপোর্ট করতে সক্ষম হবে। অভিভাবকরা অ্যাপটিতে তাদের সন্তানদের কথোপকথন দেখতে পাবেন। এসব নিয়ন্ত্রণ পেতে অভিভাবকদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং তাদের সন্তানদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে এবং নিয়ন্ত্রণে সম্মত হতে হবে।