সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২৫৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। আজ বুধবার হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্বাগতিকরা। আগে ব্যাটিংয়ে নেমে আফিফ হোসেন ধ্রুব ও এনামুল হক বিজয়ের হাফসেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে ২৫৬/৯ রান সংগ্রহ করে সফরকারীরা।
ব্যাটিংয়ের শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। ওপেনিং জুটিতে তামিম ইকবাল ও বিজয় মিলে তোলেন ৪১ রান। ব্যক্তিগত ১৯ করে রান আউটের শিকার হন তামিম। এরপর ৪৭ রানের মাথায় নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম ডাক মেরে আউট হলে চাপে পড়ে যায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে বিজয় ও মাহমুদউল্লাহ রিয়াদ ৭৭ রানের জুটি গড়ে সে চাপ কিছুটা সামলে নেন।
ব্যক্তিগত ৭৬ রানে বিজয় ফিরলেও পঞ্চম উইকেটে আফিফ হোসনকে নিয়ে আবারো জুটি বড় করার চেষ্টা করেন মাহমুদউল্লাহ। কিন্তু দলীয় ১৭৩ রানের মাথায় রিচার্ড এনগারাভার বলে রিয়াদ বোল্ড হলে ভাঙে এ জুটি। ৬৯ বলে ৩৯ রান আসে তার ব্যাট থেকে। রিয়াদ আউট হওয়ায় ফের বিপাকে পড়ে সফরকারীরা।
পরবর্তীতে লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে একা লড়াই চালিয়ে যান আফিফ। ব্যাটে বলে সামঞ্জস্য রেখে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারে নিজের তৃতীয় হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৮১ বলে ৮৫ রান করে।
জিম্বাবুয়ান বোলারদের মধ্যে দুই পেসার ব্র্যাড ইভান্স ও লুক জংওয়ে দুটি করে উইকেট শিকার করেছেন।
তিন ম্যাচের সিরিজ আগেই ২-০ তে নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। আজ তাদের সামনে সুযোগ বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার। অপর দিকে এটি ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ৪০০তম ম্যাচ। জয় দিয়ে মাইলফলকের ম্যাচটি স্মরণীয় করার সুযোগ আছে অতিথিদের সামনে। সেসঙ্গে তামিম ইকবালের দলের জন্য এটি হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচও।