ফ্রান্স হারিয়ে উয়েফা ইউরোর ফাইনাল নিশ্চিত করেছে জার্মানির নারী ফুটবল দল। গতকাল বুধবার (২৭ জুলাই) রাতে বাকিংহ্যামশায়ারে ফ্রান্সের মেয়েদের ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে জার্মানি।
জার্মানির হয়ে দুইটি গোলই করেন আলেকসান্দ্রা পপে। ম্যাচের ৪০তম মিনিটেই জার্মানি এগিয়ে যায়। ৪৪তম মিনিটে সমতায় ফেরে ফ্রান্স। জার্মানির গোলরক্ষক মেরলে ফ্রোয়েমসের গায়ে লেগে গোলপোস্ট থেকে ফিরে আসা বল জালে জড়ায়।
বিরতির পর দারুণ এক গোলে ফ্রান্সের স্বপ্ন ভেঙে দেন পোপ। বক্সে উড়ে আসা বল হেডে লক্ষ্যভেদ করেন এ স্ট্রাইকার। পরবর্তীতে আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানে সেমিফাইনাল জিতে নেয় রেকর্ড আট বারের চ্যাম্পিয়নরা।
আগামী রবিবার (৩১ জুলাই) ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে জার্মানির মেয়েরা।