গুগল, মাইক্রোসফটসহ আরো ১১টি বিদেশী বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান বৈশ্বিক সদর দপ্তর নিবন্ধনে জাপানি আইন মেনে চলার বিষয়ে সম্মতি দিয়েছে। এর মাধ্যমে বড় ধরনের জরিমানা থেকে রক্ষা পেয়েছে গুগল ও মাইক্রোসফট। খবর নিক্কেই এশিয়া।
কর প্রদানে ও গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় যেসব বিদেশী প্রতিষ্ঠান জাপানে তাদের কার্যক্রম পরিচালনা করছে তাদের মূল সদর দপ্তর নিবন্ধনে কঠোর নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
কিন্তু অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান শুধু তাদের জাপানি সদর দপ্তর নিবন্ধন করেছিল। জুনে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, মার্চে দেশটির মন্ত্রণালয় ৪৮টি প্রতিষ্ঠানকে নিবন্ধন কার্যক্রম সম্পন্নের নির্দেশ দেয়।
যে ৩১টি প্রতিষ্ঠান নির্দেশনা অনুসরণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে তাদের মধ্যে গুগল, মেটা মালিকানাধীন ফেসবুক ও মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটারও রয়েছে। গত শুক্রবারের আগে ১৩টি প্রতিষ্ঠান আবেদন সম্পন্ন করেছে বলে সরকারি সূত্রে জানা গেছে।