বিশ্বের অন্যতম বৃহৎ চিপ ডিজাইন প্রতিষ্ঠান মিডিয়াটেকের চিপ উৎপাদন করবে ইন্টেল। সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন চিপ নির্মাতা জায়ান্টটি। গত বছরের শুরুর দিকে ফাউন্ড্রি ব্যবসা চালুর পর এটা ইন্টেলের জন্য সবচেয়ে বড় সফলতা হিসেবে দেখা হচ্ছে।
অন্যান্য কোম্পানির ডিজাইনকৃত চিপ তৈরি করে ফাউন্ড্রি প্রতিষ্ঠান। এতদিন এ খাতে শীর্ষ প্রতিষ্ঠান ছিল তাইওয়ানভিত্তিক টিএসএমসি। নিজেদের নকশাকৃত চিপ নিজেদের ফাউন্ড্রিতে তৈরি করে এলেও এবার প্রথমবারের মতো অন্য কোনো কোম্পানির চিপ উৎপাদনে যাবে ইন্টেল।
বার্তা সংস্থা রয়টার্সকে ইন্টেল ফাউন্ড্রি সার্ভিসেসের প্রেসিডেন্ট রনধীর ঠাকুর বলেন, তাইওয়ান থেকে গ্রাহক পাওয়া আমাদের জন্য বিরাট সফলতা।
টিএসএমসি ও মিডিয়াটেকের মতো প্রতিষ্ঠানের জন্য তাইওয়ান বিশ্বে প্রধান সেমিকন্ডাক্টর হাব হিসেবে পরিচিত। মিডিয়াটেকের মতো গ্রাহকের চিপ নির্মাণ ইন্টেলের ফাউন্ড্রির আস্থা বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করেন বিশ্লেষকরা।
মিডিয়াটেক ও ইন্টেলের চুক্তির আর্থিক পরিমাণ বা কী পরিমাণ চিপ নির্মাণ হবে এ নিয়ে বিস্তারিত জানা যায়নি। তবে ইন্টেল পরবর্তী ১৮-২৪ মাসের মধ্যে মিডিয়াটেকের ডিজাইনকৃত চিপ নির্মাণে যাবে বলে জানা গেছে। ইন্টেলের অত্যাধুনিক প্রযুক্তির ইন্টেল ১৬ প্রসেসর বিভিন্ন স্মার্ট ডিভাইসে ব্যবহূত হবে।