সরকার নির্ধারিত দামে মিলছে না সয়াবিন তেল। কিন্তু বিষয়টি নিয়ে কোনো ধরনের উদ্যোগ নেই প্রশাসনের। বোতলজাত সয়াবিন লিটারে ১৪ টাকা কমানো হলেও সেই দামের তেল মিলছে না।
ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে গুদাম কিংবা খুচরা দোকানগুলোতে যে সয়াবিন তেল আছে তা আগের দামেই কেনা। তাই সেগুলো শেষ না হওয়া পর্যন্ত সরকার নির্ধারিত দামে তেল বিক্রি করা সম্ভব নয়। লোকসান দিয়ে তো কেউ ব্যবসা করবে না। নতুন দামে তেল পাওয়ার আগ পর্যন্ত আগের দামেই বিক্রি হবে।
এদিকে ক্রেতারা জানান, দাম বাড়ানোর সময় সরকারের ঘোষণার আগেই দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। আর কমানোর সময় শুরু হয় টালবাহানা।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স এন্ড বনস্পতি ম্যানফেকচারার্স এসোসিয়েশন গত বৃহস্পতিবার (২১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দামে তেল বিক্রির তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমায় গত ১৭ জুলাই বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা নির্ধারণ করে সরকার। যা বৃহস্পতিবার (২১ জুলাই) থেকে কার্যকর হয়েছে।