ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় যে অর্জন, সেই ক্রিকেট বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন মঈন আলি আর আদিল রশিদ। ইংল্যান্ডের ড্রেসিং রুমেও তাদের অবস্থান চোখে পড়ার মতো। ইংলিশ ক্রিকেটার তো বটেই, দু’জনের আরও একটা সাধারণ পরিচয় আছে, দু’জনই মুসলিম। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের ধর্মবিশ্বাস নিয়ে কথা বললেন দু’জনে। সেখানে মঈন আলি জানালেন, ইসলামই তার ও তার পরিবারের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের প্রথম ওয়ানডেতে ইনিংস বিরতিতে স্কাই স্পোর্টসের পক্ষ থেকে এউইন মরগান নেন সাক্ষাৎকারটি। সেখানে মঈনকে জিজ্ঞেস করা হয় তার ধর্মবিশ্বাসের গুরুত্ব তার কাছে কতটুকু। সেখানেই তিনি বললেন, ‘এটা আমার ও আমার পরিবারের সবকিছু। আমাদের ১ নম্বর প্রাধান্য থাকে এখানেই। ক্রিকেট বলুন বা অন্য কিছু বলুন, বাকি সব তার পরে আসে।’
তবে ধর্মবিশ্বাসকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়াতে অন্য কিছুর সমস্যা হচ্ছে না বলে জানান মঈন। বলেন, ‘ইসলামকে সবার আগে রাখার কারণে অন্য কিছু যেমন ক্রিকেটের প্রতি প্রাধান্যটা কমে যাচ্ছে না আমার। এটা নেহায়েতই আমাদের ব্যক্তিগত বিষয়।’
তার সতীর্থ আদিল রশিদ সম্প্রতি হজ করতে পারি জমিয়েছিলেন মক্কায়। যে কারণে ভারতের বিপক্ষে সিরিজ খেলতে পারেননি তিনি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আর আদিলের কাউন্টি দল ইয়র্কশায়ার সানন্দেই তাকে ছুটি দেয়।