চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এমন বেশ কয়েকজন জেনারেলকে চলতি মাসে সরিয়ে নিয়েছে রাশিয়া। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের টুইটার পেজে নিয়মিত আপডেটের অংশ হিসেবে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
টুইট বার্তায় আরো বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে নেতৃত্ব দিচ্ছিলেন এমন কয়েকজন জেনারেলকে চলতি মাসের শুরুতেই সরিয়ে নেয় রাশিয়া কর্তৃপক্ষ। মূলত উচ্চ পর্যায়ের নির্দেশেই এসব কর্মকর্তাদের যুদ্ধ থেকে অব্যাহতি দেয়া হয়।
অন্যদিকে, হতাহতের সংখ্যা কমিয়ে আনতে এবং নতুন করে সৈন্যদের সংগঠিত করতে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেত্স্ক থেকে ইউক্রেনীয় সৈন্যদের প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, রাশিয়ার গোলাবর্ষণে তাদের বাহিনী শহরের কেন্দ্রস্থল ছেড়ে যেতে বাধ্য হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে সেভেরোদোনেত্স্ক শহর দখল রাশিয়ার অন্যতম সামরিক লক্ষ্য হয়েছে উঠেছে। রাশিয়া এরই মধ্যে ৭০ ভাগ নিয়ন্ত্রণে নিয়েছে। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে।