কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই রুশ ব্যবহারকারীদের জন্য উইন্ডোজ ১০ ও ১১ ডাউনলোডের সুযোগ তুলে নিচ্ছে মাইক্রোসফট। তবে আইপি অ্যাড্রেস পরিবর্তন করে এখনো অনেক ব্যবহারকারী মাইক্রোসফটের এ অপারেটিং সিস্টেম ডাউনলোড করতে পারছেন। খবর গিজচায়না।
ইউক্রেন আগ্রাসনের অব্যবহিত পর গত মার্চে রাশিয়ায় নতুন করে পণ্য ও পরিষেবা বিক্রি বন্ধ ঘোষণা করে মাইক্রোসফট। তার তিন মাস বাদে রাশিয়ায় বিল গেটস প্রতিষ্ঠিত কোম্পানিটির চারশরও বেশি কর্মী ছাঁটাই করা হয়। গত সপ্তাহে কর্মী বহর ছোট করার ঘোষণার পর থেকে উইন্ডোজ ডাউনলোডে সমস্যার মুখোমুখি হচ্ছেন রুশ ব্যবহারকারীরা। কোনো নির্দিষ্ট ডাটা প্রোভাইডারই নয়, বরং সব রুশ ব্যবহারকারীর জন্যই এ সমস্যা হচ্ছে। কাজাখস্তানের কিছু ব্যবহারকারীও সম্প্রতি উইন্ডোজ ডাউনলোডে সমস্যার কথা জানিয়েছেন।
প্রযুক্তি নিয়ে ভালো ধারণা রয়েছে এমন ব্যবহারকারীরা ভিপিএন ব্যবহার করে ও আইপি অ্যাড্রেস পরিবর্তন করে মাইক্রোসফট ওয়েবসাইট থেকে উইন্ডোজ ১০ ও ১১ ডাউনলোড করছেন বলে জানা গেছে।


















