স্বাস্থ্য তথ্যের সমন্বয়ে জাতীয় পর্যায়ে ডাটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে ক্লাউড পরিষেবা প্রতিষ্ঠান ওরাকল। সম্প্রতি প্রতিষ্ঠানটি ২ হাজার ৮৪০ কোটি ডলারে বৈদ্যুতিকভাবে স্বাস্থ্য তথ্য সংরক্ষণকারী প্রতিষ্ঠান সার্নার অধিগ্রহণ করেছে। এর পর পরই উদ্যোগটি নেয়া হয়েছে। খবর ইটিটেলিকম।
ওরাকলের বোর্ড চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা ল্যারি এলিসন বলেন, যতক্ষণ পর্যন্ত রোগীরা অনুমতি না দেবে ততক্ষণ কারো নাম ছাড়াই তথ্য যুক্ত করা হবে। এ বিষয়ে মেডসিটিনিউজ প্রতিবেদন প্রকাশ করেছে।
ওরাকল আয়োজিত দ্য ফিউচার অব হেলথকেয়ার শীর্ষক ওয়েবিনারে সংবাদমাধ্যমের কাছে দেয়া বিবৃতিতে ল্যারি জানান, আমরা এমন একটি সিস্টেম তৈরি করছি, যেখানে যুক্তরাষ্ট্রের অধিবাসীদের স্বাস্থ্য তথ্য শুধু হাসপাতাল পর্যায়েই সীমাবদ্ধ থাকবে না। একই সঙ্গে সেগুলো জাতীয় পর্যায়ে একটি ডাটাবেজে সংরক্ষিত থাকবে।
প্রতিবেদনে আরো বলা হয়, ওরাকলের নতুন স্বাস্থ্য তথ্যের ডাটাবেজে রোগীদের অংশগ্রহণের সুযোগও রাখা হবে বলে জানা গেছে। কভিড-১৯ মহামারী শুরুর পর থেকেই প্রতিষ্ঠানটি এ সিস্টেমের উন্নয়নে কাজ করছে। অংশগ্রহণকে আরো সহজ করতে ওরাকল রোগীদের ওয়্যারেবল ও হোম ডায়াগনস্টিক ডিভাইস থেকে তথ্য সংগ্রহ নিশ্চিতে কাজ করছে।