পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের কারণে আগামী ২৫ জুনের এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ২৪ তারিখ শুক্রবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধনের দিন গোটা জাতি উৎসবে মাতবে। এজন্য ওই দিনের পরীক্ষা এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।
রবিবার (১২ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে এ কথা জানান তিনি।
তিনি আরও বলেন, সংক্ষিপ্ত সিলেবাসে এবার এসএসসি পরীক্ষা তিন ঘণ্টার পরিবর্তে দুই ঘণ্টায় অনুষ্ঠিত হবে। পাশাপাশি ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে।
দীপু মনি বলেন, এ বছর এসএসসি-সমমান পরীক্ষায় অংশ নিবে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী। আগামী ১৯ জুন এ পরীক্ষা শুরু হবে, চলবে ৬ জুলাই পর্যন্ত। সারাদেশে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি জানান, এ বছর সাধারণ নয়টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে। এর বাইরে দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থী অংশ নেবে।

এর আগে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি (রুটিন) প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ড এসএসসি পরীক্ষার এ রুটিন প্রকাশ করে। এসএসসি পরীক্ষা ১৯ জুন শুরু হয়ে শেষ হবে আগামী ৬ জুলাই। সব পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এসএসসিতে এ বছর তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে না শিক্ষার্থীদের। বিষয়গুলো হলো- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ধর্ম, বাংলাদেশ ও বিশ্বপরিচয়। আর এইচএসসিতে বাদ যাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
এসএসসিতে বিভাগভেদে বাংলা, ইংরেজি, গণিত, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষিশিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা, পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ, উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান, জীববিজ্ঞান, অর্থনীতি বিষয়ে পরীক্ষা হবে।
এবার বাংলা (আবশ্যিক) প্রথমপত্র ও সহজ বাংলা প্রথমপত্র ১৯ জুন, বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্র ও সহজ বাংলা দ্বিতীয়পত্র ২০ জুন, ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্র ২২ জুন ও ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্র ২৪ জুন, গণিত (আবশ্যিক) ২৭ জুন, গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষিশিক্ষা (তত্ত্বীয়), সংগীত (তত্ত্বীয়), আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) এবং চারু ও কারুকলা (তত্ত্বীয়) ২৮ জুন, পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং ৩০ জুন, রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ আগামী ২ জুলাই, ভূগোল ও পরিবেশ ৩ জুলাই, উচ্চতর গণিত (তত্ত্বীয়) ৪ জুলাই, হিসাববিজ্ঞান ৫ জুলাই, জীববিজ্ঞান (তত্ত্বীয়) এবং অর্থনীতি পরীক্ষা ৬ জুলাই অনুষ্ঠিত হবে।
করোনার কারণে ঠিকমতো শ্রেণি কার্যক্রম না হওয়ায় নির্বাচনী পরীক্ষা দিতে হয়নি এসএসসি শিক্ষার্থীদের। সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নেওয়া নির্বাচনী পরীক্ষায় সব বিষয়ে পরীক্ষা দিতে হতো শিক্ষার্থীদের।
সাধারণত বছরের ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা হয়। কিন্তু করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের মার্চ থেকে দেশের শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে। ঠিক সময়ে পরীক্ষা হচ্ছে না বা কখনো কখনো বাতিল করতে হচ্ছে। এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও নির্ধারিত সময়ের অনেক পরে অনুষ্ঠিত হচ্ছে।


















