প্রতিদিনের সব গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদানের জন্য ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ব্যবহার করে সবাই। তবে অনেক সময়ই কোনো বার্তা লেখার সময় বানান ভুল হয়ে যায়। আবার অনেক সময় একজনের মেসেজ পাঠিয়ে দেন অন্যজনকে। এমন ভুলের কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় প্রায়ই।
মেটার মালিকানাধীন প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপে সেন্ডিং মেসেজ দুই পক্ষের কাছ থেকে ডিলিট করার অপশন রয়েছে অনেকদিন থেকেই। তবে এবার সেন্ড করা মেসেজ এডিট করার সুযোগ দিচ্ছে জনপ্রিয় সাইটটি।
নতুন এই ফিচারটি যোগ করতে চলেছে হোয়াটসঅ্যাপ। ফিচারটি সম্পর্কে ডবলুবেটাইনফো জানিয়েছে, বর্তমানে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাঠানো হলে তা এখন আর এডিট করা সম্ভব নয়। কিন্তু নতুন আপডেট অনুযায়ী এবার থেকে যে কোনো পাঠানো মেসেজ এডিট করা সম্ভব। এরই মধ্যে গুগল চ্যাটে এই সুবিধা পাওয়া যায়।
এর আগেও ২০১৭ সালে এই ফিচারটি টেস্ট করেছিল হোয়াটসঅ্যাপ। কিন্তু প্রায় ৫ বছর পেরিয়ে গেলেও ওই ফিচারের কোনো স্টেবল ভার্সন এখনো আসেনি।
তবে ডবলুবেটাইনফোর পক্ষ থেকে জানানো হয়েছে, অবশেষে খুব তাড়াতাড়ি এডিট ফিচার চালু হবে হোয়াটসঅ্যাপে।
এই ফিচারের মাধ্যমে কোনো মেসেজ পাঠানোর পর সেন্ডার যদি মনে করেন ওই মেসেজ এডিট করতে পারেন। নতুন এই এডিট ফিচারটির আইকন থাকবে মেসেজ বক্সের একদম উপরে। যেখানে ইনফো (Info), কপি অপশন থাকে ঠিক তার পাশেই থাকবে এডিট অপশন। এর জন্য কোনো পাঠানো মেসেজের উপর লং প্রেস করতে হবে। তারপর ওই মেসেজের উপরে দেখা যাবে একাধিক অপশন। তার মধ্যে থেকে এডিট মেসেজ অপশন বেছে নিতে হবে ব্যবহারকারীকে।
বর্তমানে হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড ভার্সনে বিটা টেস্ট করা হচ্ছে। কয়েকদিনের মধ্যেই ডেস্কটপ এবং আইওএসে এই ফিচারের বিটা ভার্সন ব্যবহার করতে পারবেন ব্যবহারকারী।