আজ জাতীয় সংসদে দেশের ৫১তম আর আওয়ামী লীগ সরকারের ২৩ তম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দেশের ইতিহাসের সর্বোচ্চ এই বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।
জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিকেল ৩টায় আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী।
বুধবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উন্নয়নের ধারাবাহিকতায় ফেরার এই বাজেটে অগ্রাধিকার পাবে দেশের প্রান্তিক জনগোষ্ঠী। এবারের বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষি খাত, স্বাস্থ্য, মানবসম্পদ, কর্মসংস্থান, শিক্ষা খাতসহ বেশ কিছু খাতে।
আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের চতুর্থ এই বাজেট প্রণীত হয়েছে সরকারের অতীতের অর্জন এবং উদ্ভূত পরিস্থিতির সমন্বয়ে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী অর্থবছরের এই বাজেটকে অধিকতর অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থ বিভাগের ওয়েবসাইট থেকে বাজেটের সকল তথ্য এবং গুরুত্বপূর্ণ দলিল যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পাঠ ও ডাউনলোড করতে পারবে। দেশ-বিদেশের যেকোনো স্থান থেকেই ওয়েবসাইটের মাধ্যমে ফিডব্যাক ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশও দেয়া যাবে।
সাধারণ জনগণের দেয়া সকল মতামত ও সুপারিশ যথার্থভাবে বিবেচনা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এই সকল মতামত জাতীয় সংসদে বাজেট অনুমোদনের সময়ে ও পরবর্তীকালে কার্যকর করা হবে বলেও জানানো হয়।
নিম্নলিখিত সরকারি ওয়েবসাইট লিংকের ঠিকানায় বাজেটসংক্রান্ত তথ্য পাওয়া যাবে: https://nbr.gov.bd, https://plandiv.gov.bd, https://imed.gov.bd, https://www.dpp.gov.bd, https://pmo.gov.bd।
অর্থ মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, আজ বাজেট উপস্থাপনের পর শুক্রবার (১০ জুন) বিকেল ৩টায় রাজধানীর ওসমানী মিলনায়তনে ২০২২-২৩ অর্থবছরের এই বাজেটোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।