চলমান করোনা মহামারিতে গত একদিনে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আবার বৃদ্ধি পেয়েছে। গতদিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৭০০ জন। এই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় তিন লাখেরও বেশি মানুষ।
মঙ্গলবার (৭ জুন) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সবশেষ তথ্য অনুযায়ী, গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৯১ জন, আগের দিনের তুলনায় যা বেড়েছে দুই শতাধিক। এই নিয়ে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা পৌঁছালো ৬৩ লাখ ২১ হাজার ২৫০ জনে।
বিগত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১১ হাজার ৬৭৬ জন, আগের দিনের যা বেড়েছে প্রায় ১৫ হাজার। এই নিয়ে করোনার শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৩ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ১৪১ জনে।
গত একদিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ঘটেছে উত্তর কোরিয়ায়। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে তাইওয়ান। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, ইতালি, রাশিয়া ও ব্রাজিল।
গেলো ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে উত্তর কোরিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৬৮০ জন। এই নিয়ে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৪১ লাখ ৩৭ হাজার ১৬০ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ৭১ জন মারা গেছেন।
বিগত একদিনে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে এশিয়ারই আরেক দেশ তাইওয়ান। এই সময়ে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫১ জন এবং নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৫৩ হাজার ২৩ জন। এই নিয়ে করোনার শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৪ লাখ ৫৭ হাজার ৮৮১ জন এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ৯০ জনের।
গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৪৯৭ জন এবং মারা গেছেন ১০৮ জন। করোনা মহামারিতে সবচেয়ে বেসি ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৬৬ লাখ ২৭ হাজার ৯৯৫ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১০ লাখ ৩৩ হাজার ৮০৭ জন।