সরকারি ব্যবস্থাপনায় চলতি মৌসুমে পবিত্র হজের নিবন্ধন আজ শনিবার (২৮ মে) শেষ হচ্ছে। তাই হজের কার্যক্রম নির্বিঘ্নে সম্পাদন করতে সাপ্তাহিক ছুটির দিন আজও ব্যাংক খোলা থাকবে।
সব ব্যাংকের প্রধান কার্যালয়সহ সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ের প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকার শুক্রবার (২৭ মে) রাত ৮টার দিকে এ বিষয়ে একটি জরুরি নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহীকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।
ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধে ও অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এ সার্কুলার জারি করে।
এতে বলা হয়, ‘সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বর্থে ব্যাংকের প্রধান শাখাসহ হজ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পর্যায়ের প্রয়োজনীয় সংখ্যক শাখা পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ২৮ মে পূর্ণ দিবস খোলার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হলো।’
এর আগেও গত ২০ মে সার্কুলার জারি করে ২১ মে শনিবার হজ সংশ্লিষ্ট শাখা খোলা রাখতে বলেছিলে বাংলাদেশ ব্যাংক।