সরকারের পরিসংখ্যান এজেন্সি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসেব বলছে, সাম্প্রতিক সময়ে দেশে খাদ্যদ্রব্যের দাম বাড়লেও গত এপ্রিল মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি ১০ বেসিস পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ২৪ পয়েন্টে। তার আগের মাসে এই হার ছিল ৬ দশমিক ৩৪ পয়েন্ট।
গতকাল বুধবার (১৮ মে) রাতে বিবিএস এই তথ্য প্রকাশ করেছে।
ওই হিসেবে দেখা গেছে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ৩৫ বেসিস পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৯ পয়েন্টে। যা আগের মাসে ছিল ৬ দশমিক ০৪ পয়েন্ট।
সব মিলিয়ে গত এপ্রিল মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ২৯ শতাংশ, যা আগের মাসে ছিল ৬ দশমিক ২২ শতাংশ।
২০০৫-০৬ অর্থবছরকে ভিত্তিবছর ধরে মূল্যস্ফীতির হিসাব করে বিবিএস। তবে ২০১৫-১৬ অর্থবছরকে ভিত্তিবছর ধরে করে জিডিপির হিসেবে করে সংস্থাটি।
অর্থনীতিবিদরা বলছেন, বিবিএসের মূল্যস্ফীতির হিসেবে প্রকৃত জীবনযাত্রার ব্যয় প্রতিফলিত হচ্ছে না। কেননা, ১৬ বছর আগের অর্থবছরকে ভিত্তিবছর ধরা হলে প্রকৃত চিত্র উঠে আসবে না।