ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

ফেসবুক-ইনস্টাগ্রামের ওপর রুশ আদালতের নিষেধাজ্ঞা

ফেসবুকের মেটা প্ল্যাটফর্মকে ‘চরমপন্থি’ আখ্যায়িত করে সারাদেশে ফেসবুক ও ইনস্টাগ্রাম নিষিদ্ধ করেছে রাশিয়ার একটি আদালত৷

রাশিয়ায় ইতিমধ্যে ফেসবুক নিষিদ্ধ হয়েছে৷ যখন মেটা জানায়, তারা ইউক্রেনের সোশাল মিডিয়া ব্যবহারকারীদের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পাঠানো মস্কোর সেনাদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানিয়ে বার্তা পোস্ট করার অনুমতি দেবে, তখন ইনস্টাগ্রামেও নিষেধাজ্ঞা জারি করা হয়৷ যদিও হোয়াটস অ্যাপ কিংবা ফেসবুক মেসেঞ্জারে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি৷

মস্কোর তাভেরস্কির জেলা আদালতের বিচারক ওলগা সোলোপভা জানিয়েছেন, মেটা নিষিদ্ধ করার এই আবেদনের অনুমোদন দিয়েছেন তিনি৷ মেটা প্ল্যাটফর্ম সাময়িকভাবে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে রুশবাহিনীর বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানানোর অনুমতি দিয়েছে৷ সাধারণত মেটা এ ধরনের পোস্টে অনুমোদন দেয় না৷ প্রসিকিউটর জেনারেলের কার্যালয় উল্লেখ করেছে, রাশিয়ার নাগরিকদের প্রতি ঘৃণা ও শত্রুতা উসকে দিতে এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে৷

মস্কো টাইমসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের কার্যালয় অভিযোগ জানায়, ৫০টি ফেসবুক ও ইনস্টাগ্রাম পোস্ট ‘চরমপন্থি’৷ রুশ সেনাবাহিনী সম্পর্কে সেখানে ভুয়া তথ্য ছিল বলে উল্লেখ করা হয়েছে৷ যদিও প্রসিকিউটর জেনারেলের অফিসের মত, ‘ভুয়া’, এবং ‘চরমপন্থি’ বিষয়বস্তু প্রকাশ্যে বিতরণ করা অসম্ভব৷ ওই বিভাগের তরফে বলা হয়েছে, যে রাশিয়ান ব্যবহারকারীরা বিদেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন বা ভিপিএন ব্যবহার করেন তাদের চিন্তার কারণ নেই৷ ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্টগুলি চরমপন্থি কার্যকলাপ হিসাবে বিবেচিত হবে না৷-ডয়চে ভেলে

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ