চলতি বছর বিশ্বের তথ্যপ্রযুক্তি (আইটি) ও ব্যবসা পরিষেবা বাজার ৫ দশমিক ৬ শতাংশ সম্প্রসারিত হবে। ২০২১ সালের পূর্বাভাসের চেয়ে যা ১.৬ শতাংশ বেশি। সম্প্রতি আন্তর্জাতিক ডাটা করপোরেশনের (আইডিসি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর গ্যাজেটস নাউ।
আইডিসি বলছে, আগামী কয়েক বছর বৈশ্বিক আইটি ও ব্যবসা পরিষেবা বাজার ৪-৫ শতাংশ করে সম্প্রসারণ হবে। প্রতি বছর যা দশমিক ৪ শতাংশ থেকে দশমিক ৮ শতাংশ বাড়ার পূর্বাভাস দিচ্ছে। ফলে দীর্ঘমেয়াদে তথ্যপ্রযুক্তি ও ব্যবসা পরিষেবা বাজারের প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৬ শতাংশ।
এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ২০২২ সালে শূন্য দশমিক ৯ শতাংশীয় পয়েন্ট প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে। মূলত চীন, অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার মতো প্রযুক্তিনির্ভর অর্থনীতির কারণে এ অঞ্চলের আইটি ও ব্যবসায় পরিষেবা বাজার বিস্তৃত হবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৈশ্বিক তথ্যপ্রযুক্তি ও ব্যবসা সেবা বাজারের প্রবৃদ্ধির পেছনে ২০২১ সালে বিভিন্ন বড় প্রতিষ্ঠানের বিনিয়োগ ও ক্রয়ের বিষয়টিকে নির্দেশ করে। তবে মুদ্রাস্ফীতি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এতে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।