ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মাত্র ৪০ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। এই কঠিন পরিস্থিতিতে রুবেলের পরিবারকে সব ধরনের সমর্থনের আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমান ও ভবিষ্যতে সব ধরনের সহযোগিতা দিয়ে রুবেলের পরিবারের পাশে থাকা হবে বলে জানিয়েছেন বিসিবির ঊর্ধ্বতন কর্তারা।
২০১৯ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হলে দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় রুবেলকে। শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। এদিকে চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত হয়েছে তার পরিবার। এক পর্যায়ে মাথা গোঁজার ঠাই ফ্ল্যাটটিও বিক্রির পরিকল্পনা করা হয়েছিল। দেশের ক্রিকেটের কিংবদন্তিতুল্য এই ক্রিকেটারের পরিবারের প্রতি দায়বদ্ধতা থেকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বিসিবি।
সংস্থাটির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, ‘তার পরিবারকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার শক্তি দেন। আমরা সবাই যে যার জায়গা থেকে সবসময় পাশে থাকব। যেকোনো প্রয়োজনে, যেকোনো দরকারে, যেকোনো সহযোগিতায় আমরা অবশ্যই পাশে থাকব।’
বিসিবির শীর্ষস্থানীয় পরিচালক আকরাম খান জানান, বোর্ড ও ব্যক্তিগত উদ্যোগে প্রয়াত রুবেলের পরিবারের পাশে থাকবে দেশের ক্রিকেট অঙ্গন। তিনি বলেন, ‘আমরা ব্যক্তিগতভাবে বলুন আর বোর্ড হিসেবে বলুন, ওর পরিবারের সঙ্গে আছি। যত ধরনের সহায়তায় আমরা থাকব।’
জালাল ইউনুস জানালেন, যেকোনো ধরনের সহযোগিতা করতে সবসময় প্রস্তুত আছে বিসিবি। আর এই সমর্থনটুকু রুবেলের পরিবারের প্রাপ্য বলেও মনে করেন ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান।
তিনি বলেন, ‘তার স্ত্রীর সঙ্গে আমাদের যোগাযোগ আছে, বেশ কয়েক বছর ধরে বোর্ডের যোগাযোগ ছিল। তার ছেলেটা ছোট, সামনে ভবিষ্যৎ পড়ে আছে। কোনো ধরনের সমর্থন প্রয়োজন হলে আমরা প্রস্তুত। আমরা চাইব তার পরিবারকে সমর্থন দিতে। এটা আমাদের দায়িত্ব, এটা তাদের প্রাপ্য।’