দেড় বছর ধরে ব্রেন টিউমার ও ডিমেনশিয়ায়র (স্মৃতিভ্রষ্টতা) সাথে লড়াই করছিলেন সামিউর রহমান সামি। এবারের যাত্রায় আর জয়ী হতে পারলেন না বাংলাদেশ জাতীয় দলের প্রথম ওয়ানডের পেসার সামিউর রহমান সামি।
আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে তিনি মারা গেছেন। সামির ছেলে রোহান এ বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। ব্রেন টিউমারের সাথে হার্ট অ্যাটাক ও স্ট্রোকজনিত জটিলতায়ও ভুগছিলেন তিনি।
আন্তর্জাতিক ক্যারিয়ারটা অবশ্য খুব বড় হয়নি সামির। খেলেছেন মাত্র দুটি ওয়ানডে। তবে ক্রিকেটকে বিদায় বলার পর আম্পায়ারিং ও ম্যাচ রেফারিংয়ের সাথে জড়িত ছিলেন সামি।
ক্রিকেট ছাড়ার পর প্রথমে বিসিবির প্যানেলভুক্ত ম্যাচ অফিশিয়াল হিসেবে যোগ দেন। পরে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন । ফার্স্ট ক্লাস আর লিস্ট-এ মিলিয়ে ২৮ ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন সামি। ঘরোয়া ক্রিকেটে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন ১৩৬টি ম্যাচে।