যুক্তরাষ্ট্রে ক্লাউড কম্পিউটিং পরিষেবার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আরো একটি ডাটা সেন্টার তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে অ্যামাজন। দ্য রেজিস্টারের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর টেকরাডার।
ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা কাউন্টির গিলরয় সিটি কর্তৃপক্ষের কাছে দাখিলকৃত আবেদনের তথ্যানুযায়ী, ক্লাউড কম্পিউটিং জায়ান্টটি নতুন একটি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েছে। যেখানে মূলত দুটি ভবনে ডাটা সেন্টার থাকবে। নতুন ডাটা সেন্টারটি পশ্চিম উপকূলে অ্যামাজন ওয়েব সার্ভিসের বিস্তার ঘটাবে। পাশাপাশি ডাটা সেন্টারটিতে থাকা প্রতিটি ভবনে ৪৯ মেগাওয়াটের ধারণ সক্ষমতা, নিরাপত্তা ও জেনারেটর ব্যাকআপ থাকবে।
গত মাসে আরেকটি ঘোষণায় অ্যামাজন যুক্তরাজ্যে ডাটা সেন্টারের পরিধি বাড়াতে আগামী দুই বছরে ২৩৬ কোটি ডলার ব্যয়ের ঘোষণা দিয়েছে। একই সময় চলতি বছর যুক্তরাষ্ট্রে অফিস ও ডাটা সেন্টারের অবকাঠামো তৈরিতে ৯৫০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে গুগল।