জাস্টিন ল্যাঙ্গারের দায়িত্ব ছাড়ার পর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পালন করে আসছিলেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তার দায়িত্ব পালনের দক্ষতা দেখে সন্তুষ্ট ক্রিকেট অস্ট্রেলিয়া। তাই তো আর খুঁজতে হলো না নতুন কোচ। ম্যাকডোনাল্ডকে দেওয়া হলো হেডকোচের পূর্ণ দায়িত্ব।
ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে এমন তথ্যই প্রকাশ করেঠছে। সেই প্রতিবেদনের তথ্য অনুযায়ী আগামী চার বছরের জন্য ম্যাকডোনাল্ডের সঙ্গে করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তিন ফরম্যাটের সবগুলোর জন্য পূর্ণকালীন প্রধান কোচ ও নির্বাচক হিসেবে তাঁকে চূড়ান্ত করল অস্ট্রেলিয়া।
২০১৯ সাল অস্ট্রেলিয়া দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ও বোলিং মেন্টরের দায়িত্ব পেয়েছিলেন ম্যাকডোনাল্ড। ল্যাঙ্গারের পদত্যাগের পর পাকিস্তান সফরে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান। দল ১-০ তে টেস্ট সিরিজ জেতে এবং অধিনায়ক প্যাট কামিন্সের প্রশংসা কুড়ান। অস্ট্রেলিয়া ১-২ এ ওয়ানডে সিরিজ হারলেও ১-০ তে জেতে টি-টোয়েন্টি সিরিজ।
নিয়োগ চূড়ান্ত হওয়ার পর তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত এই যাত্রা ছিল খুবই আনন্দদায়ক। সামনে আমাদের রোমাঞ্চকর সময়, এজন্য আমাকে এই অসাধারণ সুযোগ দেওয়ায় আমি সম্মানিত।’