পেগাসাস টেক ভেঞ্চারসের পার্টনার শামীম আহসান ২০২২-২৪ মেয়াদের জন্য ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভিসিপিয়াব) সভাপতি পূনঃনির্বাচিত হয়েছেন।
তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
“স্টার্টআপ কিংডম” বইয়ের সহ-লেখক এবং দেশের শীর্ষস্থানীয় আইটি কনসালটিং ও সফটওয়্যার সল্যুউশন কোম্পানি ইজেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান-দেশের আইসিটি সেক্টরের প্রবৃদ্ধি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য টানা চতুর্থবারের মতো বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) মর্যাদায় ভূষিত হয়েছেন।
জেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান ড. জিয়া ইউ আহমেদ, পিএইচডি। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, সিফ বাংলাদেশ ভেঞ্চারস এলএলসি এর ব্যবস্থাপনা পরিচালক আসিফ মাহমুদ ও বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিক-উল-আজম।
জিয়া ইউ আহমেদ-এর দক্ষিণ এশিয়ায় উন্নয়ন অর্থায়নে ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও তিনি যুক্তারাষ্ট্রের টেরা রিসোর্সের ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড মার্কেটিং সার্ভিসেস ইনকর্পোরেশন(Terra Resources International Investment & Marketing Services Inc.) এর চেয়ারম্যান।

তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি এবং যুক্তরাষ্ট্রের ওকলাহোমা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। আসিফ মাহমুদ এডিএন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তিনি ডিসিসিআই, কেবিসিসিআই, ডব্লিউআইবিএ এবং বাক্য এর একজন সক্রিয় সদস্য। শফিক-উল-আজম মাইডাস ফাইনান্স লি এর ব্যাবস্থাপনা পরিচালক।
মঙ্গলবার (১২ এপ্রিল) নির্বাচন কমিশনের চেয়ারম্যান আফতাব উল ইসলাম ২০২২-২০২৪ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।
আফতাব উল ইসলাম বিডি ভেঞ্চার লি এর সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক। এসময় নির্বাচন কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ এবং এথেনা ভেঞ্চার অ্যান্ড ইক্যুইটিস লিমিটেডের প্রতিষ্ঠাতা মাহবুব এইচ মজুমদার।
আপিল বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মাসলিন ক্যাপিটালের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল এ হাফিজ (অব.)।


















