দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। আজ বুধবার (১৩ এপ্রিল) সকালে প্রথম ধাপে আট ক্রিকেটারসহ ৯ সদস্যের দল ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বাকিরা আগামীকাল ফিরবেন।
দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ জয় ছাড়া এ সিরিজে টাইগারদের আর কোনো প্রাপ্তি নেই। টেস্ট সিরিজে নিজেদের ঠিক মতো মেলে ধরতে পারেনি বাংলাদেশ।
এদিকে, ওয়ানডে সিরিজ জয়ের পর সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ দেশে ফিরে আসেন। এরপর চোটের কারণে প্রথম টেস্ট খেলতে না পারা শরিফুল ইসলামের সাথে দেশে ফিরে আসেন ডারবানে টেস্ট চলাকালীন ইনজুরিতে পড়া তাসকিন আহমেদ।
এবার সিরিজ শেষে বাকিদের ফেরার পালা। তাতে প্রথম ধাপে আজ আটজন ক্রিকেটারসহ ৯ সদস্যের দল এসে পৌঁছান ।
তিন ধাপে দেশে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ধাপে আজ বুধবার দেশে ফিরেছেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ ও নুরুল হাসান সোহান।
আগামীকাল বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় পা রাখবে দ্বিতীয় গ্রুপ। একইদিন বিকেল পৌনে ৫টার দিকে দেশে পৌঁছুবেন বাকি সদস্যরা।
তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলো বাংলাদেশ দল। প্রথমবারের মতো সেদেশে ওয়ানডে সিরিজ জিতে নতুন ইতিহাস গড়ে টাইগাররা। তবে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে চরম হতাশা নিয়েই দেশে ফিরতে হচ্ছে মুমিনুলের দলকে।