পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পণ্যের মান সনদ প্রদানের পাশাপাশি পণ্যের হালাল সার্টিফিকেট দেওয়া শুরু করেছে।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজের তিনটি প্রতিষ্ঠানের ৯টি পণ্যের অনুকূলে গতকাল সোমবার (১১ এপ্রিল) হালাল সার্টিফিকেট প্রদানের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে বিএসটিআই’র হালাল সার্টিফিকেট প্রদান কার্যক্রম শুরু করা হলো।
রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিএসটিআইয়ের মহাপরিচালক (ডিজি) ড. মো. নজরুল আনোয়ার অলিম্পিক ইন্ডাস্ট্রিজের তিনটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে হালাল সার্টিফিকেট তুলে দেন।
এসময় নজরুল আনোয়ার বলেন, ‘হালাল সংক্রান্ত তিনটি আন্তর্জাতিক মানকে বাংলাদেশ মান হিসেবে (বিডিএস ওআইসি/এসএমআইআইসি ১:২০২১, বিডিএস ওআইসি এসএমআইআইসি ২: ২০২১ আই বিডিএস ওআইসি এসএমআইআইসি ২৪:২০২১) এ্যাডপ্ট করেছে এবং উক্ত মান অনুসারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পণ্যের হালাল সার্টিফিকেট প্রদান করা হচ্ছে।’
ডিজি জানান, হালাল সার্টিফিকেট প্রদান প্রক্রিয়ার সাথে বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যূরো, প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, এফবিসিসিআই, বিসিআই, ডিসিসিআই, ক্যাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, ফার্মিসি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ ও মাদ্রাসা-ই-আলীয়া, কওমী মাদ্রাসার বিশেষজ্ঞ প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন।
হালাল সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধিসহ বিএসটিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।