যুক্তরাজ্যে ল্যাপসাস হ্যাকার গ্রুপের কয়েকজন সদস্য আটকের পরও আক্রমণ থেমে নেই। সম্প্রতি গ্লোবান্টে হামলার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকার দলটি। এ পরিপ্রেক্ষিতে প্রযুক্তিবিদ ও বিশ্লেষকদের ধারণা হ্যাকার গ্রুপটি শিগগিরই তাদের কার্যক্রম বন্ধ করছে না। খবর টেকটাইমস।
সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, হ্যাকার গ্রুপটির বিদ্যমান সদস্যরা এখনো ব্যক্তিগত তথ্য চুরির পাশাপাশি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও তাদের নেটওয়ার্ক সিস্টেমে হামলা পরিচালনা করছে। চলতি সপ্তাহের শুরুতে গিজমোদো প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ল্যাপসাস হ্যাকার গ্রুপের সঙ্গে সম্পৃক্ত কিছু কিশোর অবৈধ কার্যক্রমের জন্য বর্তমানে শাস্তি ভোগ করছে।
হ্যাকার গ্রুপটির আরো কিছু সদস্য এখনো তাদের কার্যক্রম পরিচালনা করছে। তাই আটকদের হিসাব করে এখনো সাফল্য উদযাপন করা উচিত নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রযুক্তি প্রকাশনা প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম সফটওয়্যার ডেভেলপার প্রতিষ্ঠান গ্লোবান্টে হ্যাকারদের আক্রমণের তথ্য পেয়েছে। সেখানে তারা বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ব্যবহারকারীদের পাসওয়ার্ডের তথ্য চুরি করেছে। পরবর্তী সময়ে হ্যাকাররা চুরিকৃত তথ্য থেকে ৭০ জিবি গুরুত্বপূর্ণ ফাইল অনলাইনে উন্মুক্ত করে দেয়।