বড় আকৃতির ডিসপ্লেসংবলিত নতুন ভাঁজযোগ্য ডিভাইস আনতে পারে অ্যাপল। সম্প্রতি গবেষক মিং চি কুর টুইট বার্তা সূত্রে এ তথ্য জানা গিয়েছে। ২০২৫ সালের দিকে ডিভাইসটি বাজারজাত করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। খবর দি ইন্ডিয়ান এক্সপ্রেস।
মিং চির তথ্যানুযায়ী, ২০২৫ সালে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি যে ডিভাইস বাজারজাতের বিষয়ে ভাবছে, সেটি আইফোন ও আইপ্যাডের মধ্যকার একটি হাইব্রিড মডেল হবে। পূর্বে প্রকাশিত এক টুইট বার্তায় তিনি বলেন, আমি মনে করি ছোট, বড় ও মাঝারি আকারে ডিভাইসটি তৈরি করা হবে। অ্যাপল বর্তমানে ৯ ইঞ্চি ওলেড ডিসপ্লের ফোল্ডেবল ডিভাইসের উন্নয়নে কাজ করছে। পরীক্ষার মাধ্যমে ডিভাইসটির মূল প্রযুক্তি সুবিধা নিশ্চিতে কাজ করা হচ্ছে।
২০২১ সালে কু অনুমান করেছিলেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি ২০২৩ সালের দিকে তাদের ভাঁজযোগ্য ডিভাইস আনতে পারে। পাশাপাশি এ খাতে এটি অন্য রকম প্রভাব বিস্তার করবে বলেও জানিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে বৈশ্বিক বিক্রি ১-২ কোটি ইউনিট ছাড়িয়ে যাবে।