বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক মান্না মৃত্যুর ১৪ বছর পরেও দর্শকদের মনের মধ্যে আছেন। তার অভিনীত সিনেমাগুলো সমানতালে দর্শক পছন্দ করেন। আগামী ১৪ এপ্রিল তার জন্মদিন। সেই উপলক্ষে নতুন একটি গান গাইলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। মঙ্গলবার (৫ এপ্রিল) গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
জানা গেছে, মান্নাকে নিয়ে গাওয়া আসিফ আকবরের গানটি লিখেছেন মান্নার স্ত্রী শেলী কাদের। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাশ। গানটির বিভিন্ন লাইনে মান্নার চিত্রনায়ক হওয়ার স্বপ্ন এবং রুপালি পর্দায় সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে।
গানটির প্রথম কয়েকটি বাক্য এমন- ‘একটি কিশোর ছেলে সারাক্ষণ ভাবতো/ রূপালি তারার দেশে ডানা মেলে ভাসবে/ স্বপ্নের চাবিখানি ইতিউতি খুঁজতো/ স্বপ্নপুরীর দ্বার কবে সে যে খুলবে।’
এই প্রসঙ্গে সামাজিক মাধ্যমে আসিফ আকবর বলেন, ‘আসছে ১৪ এপ্রিল প্রয়াত চিত্রনায়ক মান্না ভাইয়ের জন্মদিন। প্রিয় মান্না ভাইয়ের স্ত্রী শেলী কাদের ভাবির লেখা গানটির সুর ও সংগীত করেছেন স্নেহের কিশোর দাশ। এটি গাইতে পেরে নিজের কাছে খুব প্রশান্তি লাগছে। মান্না ভাইয়ের আত্মার শান্তি কামনা করি।’