ডারবান টেস্টের পঞ্চম ও শেষ দিনে আজ মাঠে নামে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার দেওয়া ২৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১১ রানে ৩ উইকেট হারিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল টাইগাররা। আজ টেস্টের শেষ দিনে মাঠে নামে দুইদল।
শেষ দিন ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দিনের প্রথম ওভারেই সাঝঘরে ফিরেন মুশফিকুর রহিম। কেশভ মহারাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ৫ বল খেলে রানের খাতা না খুলে ফিরেন তিনি।
মুশফিকের বিদায়ের এক ওভার পরেই প্যাভিলিয়নের পথে হাঁটেন লিটন দাস। মহারাজকে বলে মিড অনে হার্মারের হাতে ধরা পড়েন তিনি। ৬ বলে ২ রান করে ফিরেন তিনি। পঞ্চম দিনের খেলার ৬ ওভারে না যেতেই আরও দুই উইকেট হারায় বাংলাদেশ।
মহারাজের বলে বোল্ড হয়ে সাঝঘরে ফিরেন ইয়াসির আলি রাব্বি। ৭ বল খেলে ৫ রান করে ফিরেন তিনি। অন্যদিকে রানের খাতা খোলার আগেই বিদায় নেন মেহেদি হাসান মিরাজ। হার্মারের বলে পিটারসেনের হাতে তালুবন্দি হন তিনি।
দলীয় ৫০ রানে আরও একটি উইকেট হারায় বাংলাদেশ। হার্মারের বলে স্টাম্পিংয়ের শিকার হন নাজমুল হোসেন শান্ত। তিনি ৫২ বলে ২৬ রান করে ফিরেন। হার্মারের পর বাংলাদেশ শিবিরে আবারও আঘাত হানেন মহারাজ। মহারাজের বলে উইলিয়ামসকে ক্যাচ দিয়ে ফিরেন খালেদ আহমেদ। তিনি শূন্য রানে ফিরেন।
এরপর ১৭ বলে ১৪ রান করে মহারাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেন তাসকিন। মাত্র ৫৩ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ দল। ১০ ওভারে ৩২ রান দিয়ে ৭ উইকেট নিলেন মহারাজ। এতে ২২০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এর ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।