রমজান মাস উপলক্ষে আজ রবিবার (৩ এপ্রিল) থেকে ব্যাংকে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে ব্যাংক খোলা থাকবে সাড়ে ৯টা থেকে বেলা ৪টা পর্যন্ত।
যোহরের নামাজের বিরতি থাকবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত। গত বুধবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, হিজরি ১৪৪৩ সনের পবিত্র রমজান মাসে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত (বেলা ১টা ১৫ মিনিটি হতে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি) ব্যাংক খোলা থাকবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।
পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি রমজান-পূর্বাবস্থায় ফিরে আসবে। এদিকে ব্যাংকের সময়ের সাথে মিল রেখে আজ থেকে পুঁজিবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। গত ৩০ মার্চ এ সংক্রান্ত নির্দেশনা দুই স্টক এক্সচেঞ্জে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারী পরিচালক রায়হান কবির স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন হবে। তবে দুই স্টক এক্সচেঞ্জের অফিস খোলা থাকবে সরকারি নির্দেশনা অনুযায়ী।
সরকার রমজান মাসে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করে দিয়েছে। এর আগে বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় রমজানে ব্যাংকে লেনদেনের সময় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করে।