টাইগারদের জন্য ২০২২ যেন ক্রিকেট নিয়ে ব্যস্ত একটি বছর। বর্তমানে রয়েছে দক্ষিণ আফ্রিকা সফরে। ফিরে আসবে ১৩ই এপ্রিল। এরপর খুব একটা বিশ্রামের সময় হবে না জাতীয় দলের ক্রিকেটারদের। খেলতে হবে ঢাকা প্রিমিয়ার লীগ যা চলবে মাসের শেষ পর্যন্ত। এরপর ঈদের লম্বা ছুটি কাটানোর সুযোগ পাবে না টেস্ট দলের ক্রিকেটাররা। কারণ মে মাসের প্রথম সপ্তাহের (৫ থেকে ৭ তারিখ) মধ্যেই বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এবং মাসের তৃতীয় সপ্তাহে চট্টগ্রামে প্রথম টেস্ট ম্যাচ।
এরপর সিরিজের দ্বিতীয় ম্যাচটি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা বাংলাদেশে আসা চূড়ান্ত হয়েছে। এটি টেস্ট চ্যাম্পিয়নশিপের সফর। ঈদের পর পরই তারা ঢাকায় চলে আসবে। প্রথম ম্যাচ চট্টগ্রামে ও পরেরটা ঢাকায়। প্রথম ম্যাচ ১০ই মের পর। আমরা দ্রুতই সময়সূচি ঘোষণা করবো। এই সফর ঘিরে আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আশা করি ভেন্যুগুলো তারা আসার আগে শতভাগ প্রস্তুত থাকবে। দক্ষিণ আফ্রিকায় সিরিজের প্রথম টেস্টে ডারবানে প্রোটিয়াদের মুখোমুখি হয়েছে মুমিনুল হক সৌরভের দল। দ্বিতীয় টেস্ট ৭ থেকে ১১ই এপ্রিল। এরপরই দেশে ফিরে আসবে জাতীয় দল।
এখন পর্যন্ত হোম অ্যাওয়ে মিলিয়ে মোট ২৩টি টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তবে জয়ের দিক থেকে এখনো লঙ্কানদের পাল্লাই ভারী। ১৭ ম্যাচে হেরেছে টাইগাররা, জয় মাত্র একটিতে আর ড্র করেছে চার ম্যাচ। তাও একমাত্র জয়টি পায় বাংলাদেশ দল ২০১৭ সালে লঙ্কা সফরে গিয়ে নিজেদের শততম টেস্টে। দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৮ টেস্ট খেলে ড্র মাত্র দুটি ম্যাচে। ২০০২ থেকে লঙ্কানদের বিপক্ষে টাইগাররা সব মিলিয়ে ১০টি টেস্ট সিরিজ খেলেছে। কিন্তু এখন পর্যন্ত মাত্র একটি সিরিজে ড্র, তাও লঙ্কানদের মাটিতে। নিজেদের মাটিতে সিরিজের চারটিতেই হেরেছে বাংলাদেশ। সবশেষ শ্রীলঙ্কা বাংলাদেশ সফরে আসে ২০১৮-তে। সেই সিরিজে চট্টগ্রামে প্রথম ম্যাচ ড্র হয়। ঢাকায় মিরপুর টেস্টে স্বাগতিকরা ২১৫ রানে হেরে যায়। ১-০তে সিরিজ জিতে দেশে ফিরে যায় সফরকারীরা। এছাড়াও টেস্টে দুই দলের শেষ দেখা হয় গেল বছর ২০২১-এ। বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে গিয়ে পাল্লেকেলে স্টেডিয়ামে প্রথম ম্যাচ ড্র করে মুমিনুল হক সৌরভের দল। তবে পরের টেস্টে একই মাঠে ২০৯ রানে হেরে ১-০তে সিরিজ হেরে দেশে ফিরে আসে দল। টাইগারদের জন্য এখনো বড় চ্যালেঞ্জ নিজেদের মাটিতে লঙ্কানদের বিপক্ষে টেস্টে ভালো করা। তবে এবার বেশ আত্মবিশ্বাসী টাইগাররা। বিশেষ করে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ জয়ের পর।