কভিড-১৯-এর সংক্রমণ ও বিস্তার প্রতিরোধে চীন সরকার যে বিধিনিষেধ আরোপ করেছে, সেটি সার্বিক উৎপাদন ও সরবরাহে বাধা দেবে। ফলে চলতি বছর ভারতে কম্পিউটার বিক্রি কমতে পারে। ক্যানালিসের এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। খবর আইএএনএস।
প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২১ সালে ভারতের কম্পিউটার বাজার ৪৫ শতাংশ বেড়েছে।
এ সময় ডেস্কটপ, নোটবুক ও ট্যাবলেট ডিভাইস বিক্রির পরিমাণ ১ কোটি ৮৬ লাখ ইউনিট ছাড়িয়ে গেছে। ক্যানালিস জানায়, ২০২১ সালে দেশটির কম্পিউটার বাজার অগ্রসর হলেও ২০২২ সালে তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই।
রিসার্চ অ্যানালিস্ট জাশ শাহ বলেন, ভোক্তাবাজারে বিশেষ করে নোটবুক ও ট্যাবলেট খাতে আমরা বড় ধরনের সংশোধন দেখতে পাব। তবে মাঝারি, ক্ষুদ্র ও এন্টারপ্রাইজ গ্রাহকদের কাছ থেকে ডিভাইস কেনার বিপুল চাহিদা আসবে বলেও জানা গেছে।
কেননা বর্তমানে দেশটিতে কভিড-১৯ সংক্রমণের হার নিম্নমুখী। পাশাপাশি ভ্যাকসিন গ্রহণের হারও বাড়ছে এবং ব্যবসাপ্রতিষ্ঠান ও স্কুল-কলেজ তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে।



















