বিশ্বকাপ বাছাইয়ে প্লে-অফের ফাইনালে নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে রাতে বাঁচা-মরার লড়াইয় মাঠে নামবে রোনালদোর পর্তুগাল।
কাতার বিশ্বকাপের টিকিট পেলে জিততেই হবে পর্তুগালকে। হারলেই বিদায়! তবে শক্তির বিচারে অনেক এগিয়ে থাকা পর্তুগালের রয়েছে রয়েছে একটি বাড়তি সুবিধাও। ম্যাচটি হবে তাদের ঘরের মাটিতে। তাই সমর্থকদের সামনে খেলার সুবিধা পুরোপুরি কাজে লাগাতে চান ক্রিস্তিয়ানো রোনালদো।
বাঁচা-মরার লড়াইয়ে ভক্তদের প্রতি পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের আহ্বান, প্রতিপক্ষের জন্য যেন তারা মাঠের আবহ কঠিন করে তোলেন। পর্তুগাল ও নর্থ মেসিডোনিয়ার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত পৌনে একটায় পোর্তোয় মাঠে। ‘সি’গ্রুপের প্লে-অফের সেমি-ফাইনালে গত বৃহস্পতিবার তুরস্ককে ঘরের মাঠে ৩-১ গোলে হারায় ইউরো ২০১৬ চ্যাম্পিয়ন পর্তুগাল।
রোনালদো তাদের ভক্তদের প্রতি আহ্বান, দ্রাগাওয়ে তারা (প্রতিপক্ষকে) যেন অতিষ্ট করে তোলে। তিনি বলেন,‘আমি গত রাতে ঘুমাতে যাওয়ার সময় ভাবছিলাম (ম্যাচের আগে) আমাদের জাতীয় সঙ্গীত (স্পিকারে) না বাজিয়ে তা দর্শকদের দিয়ে গাওয়ানো হোক, যার মধ্য দিয়ে আমাদের আবেগ, আমাদের শক্তি এবং বিশ্বকাপে পৌঁছানোর লক্ষ্য প্রতিফলিত হবে। আমাদের ভক্তরা যদি তাদের স্বরুপে হাজির হয়, তাহলে মঙ্গলবার আমরাই জিতব।’
কাতার বিশ্বকাপের টিকেট পাওয়ার বাঁচা-মরার ম্যাচে নর্থ মেসিডোনিয়াকে কোনোভাবেই হালকাভাবে নিতে চান না রোনালদো।
ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড মনে করেন, নিজেদের সেরাটা দিতে পারলে কাঙ্ক্ষিত ফলাফল পাবে তার দল। ‘এটি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে। চাপ দুই দলের জন্যই সমান। দল প্রস্তুত, আমরা কার বিপক্ষে খেলব তাতে আমার কিছু আসে যায় না।
পর্তুগাল যদি নিজেদের সর্বোচ্চ মানে খেলে, আমরা বিশ্বের যেকোনো প্রতিপক্ষকে হারাতে পারি। তাই আমি ভক্তদের প্রতি জোর আহ্বান জানাচ্ছি: মঙ্গলবার আপনাদের পূর্ণ সমর্থন আমাদের দরকার। আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন, তাহলে আমরা ম্যাচটি জিতব।’