ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন

এস কে সুর ও শাহ আলমকে দুদকের জিজ্ঞাসাবাদ

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী (এস কে সুর) ও সাবেক নির্বাহী পরিচালক শাহ আলমকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ১০টার আগেই তারা রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে পৌঁছান। এরপর তারা দুদকের নির্ধারিত উপস্থিতি খাতায় সই করে অপেক্ষমাণ কক্ষে বসেন।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বলেন, সকাল ১০টা পর তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুদকের অনুসন্ধান কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান জিজ্ঞাসাবাদ করেন।

এর আগে গত ২৪ মার্চ দুদকের উপ পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান তাদেরকে তলব করে নোটিস পাঠান। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল) থেকে ‘কাগুজে’ প্রতিষ্ঠানের নামে আড়াই হাজার কোটি টাকা ঋণ কেলেঙ্কারির ঘটনায় এ তলব করা হয়।

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদার ও অন্যদের অর্থ আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে দুদক সূত্রে জানা গেছে। পিকে হালদার বর্তমানে বিদেশে পলাতক রয়েছেন।

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারের নিয়ন্ত্রণাধীন আইএলএফএসএল থেকে ‘কাগুজে’ প্রতিষ্ঠানের নামে অর্থ আত্মসাতের অভিযোগে ইতোমধ্যে ২২টি মামলা করেছে দুদক।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ