রেডমি কে৫০ সিরিজের স্মার্টফোনের পাশাপাশি নতুন ল্যাপটপ উন্মুক্ত করেছে শাওমি। রেডমিবুক প্রো ১৫ ২০২২ এডিশন নামে এটি পাওয়া যাবে। ১৭ মার্চ অনুষ্ঠিত ভার্চুয়াল ইভেন্টে ডিভাইসগুলো উন্মোচন করা হয়। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি।
রেডমিবুক প্রো ১৫ ল্যাপটপে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে ১৫ দশমিক ৬ ইঞ্চির আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেজল্যুশন ৩২০০X২০০০ পিক্সেল, আসপেক্ট রেশিও ১৬:১০ এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ৪০০ নিটস পিক।
ইন্টেলের ১২ প্রজন্মের কোর আইসেভেন-১২৬৫০এইচ বা কোর আইফাইভ-১২৪৫০এইচ প্রসেসরে ল্যাপটপটি পাওয়া যাবে। এছাড়া গ্রাফিকস প্রসেসিং ইউনিট হিসেবে এনভিডিয়ার জিফোর্স আরটিএক্স ২০৫০ অথবা ইন্টেলের ইউএইচডি ইউনিট ব্যবহার করা যাবে।
ল্যাপটপটিতে ৫ হাজার ২০০ মেগাহার্টজের ১৬ জিবি এলপিডিডিআরফাইভ র্যাম রয়েছে। পাশাপাশি ডিভাইসটিতে ৫১২ জিবি হাই স্পিড ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে। ল্যাপটপটিতে থান্ডারবোল্ট ৪ পোর্ট রয়েছে। যেগুলো ডুয়াল ফোরকে ভিডিও আউটপুট বা সিঙ্গেল এইটকে ভিডিও আউটপুট দিতে সক্ষম।
রেডমিবুক প্রো ১৫ ল্যাপটপে এইচডিএমআই ২.০ পোর্ট, ৩ দশমিক ৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, ব্লুটুথ ভার্সন ৫.২ এবং ২ দশমিক ৪ ও ৫ গিগাহার্টজের ডুয়াল ব্যান্ড ওয়াইফাই ৬ সংযোগ রয়েছে।
ল্যাপটপটিতে ৭২ ওয়াট আওয়ারের ব্যাটারি রয়েছে। প্রতিষ্ঠানটির দাবি একবারের চার্জে ১২ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। ল্যাপটপটির সঙ্গে একটি ট্রাভেল মাইলার টাচপ্যাড রয়েছে। এছাড়া পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং মাইক্রোসফটের পিটিপি ক্লিকপ্যাড প্রযুক্তি রয়েছে। ডিভাইসটির ওজন ১ কেজি ৮০০ গ্রাম।