প্রথম ম্যাচের পারফরমেন্সের পুনরাবৃত্তি ঘটিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ বুধবার (২৩ মার্চ) তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের মুখোমুখি হবে বাংলাদেশ।
সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানে জয় পায় বাংলাদেশ। যা ছিলো দক্ষিণ আফ্রিকার মাটিতে ক্রিকেটের যেকোনো ভার্সনে টাইগার দলের প্রথম জয়। সেই সাথে ১৯ ম্যাচ হারের বৃত্ত থেকে বের হয়ে আসে তারা। তবে দ্বিতীয় ম্যাচে টাইগারদের সাত উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা।
আজ সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
প্রাথমিকভাবে তৃতীয় ওয়ানডে খেলা নিয়ে সংশয় ছিলো দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। কারণ তার তিন সন্তানের মধ্যে দুইজনসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য বিভিন্ন স্বাস্থ্য জটিলতা নিয়ে দেশে হাসপাতালে রয়েছেন। তাই সাকিবের দেশে ফেরার কথা ছিল, কিন্তু সেখানেই থেকে যাওয়া ও তৃতীয় ওয়ানডে খেলার সিদ্ধান্ত নেন তিনি। বাংলাদেশ দলের সদস্যরা সিরিজ জয়ের জন্য কতটা অনুপ্রাণিত এবং মরিয়া, সাকিবের এমন সিদ্ধান্ত তার জ্বলন্ত উদাহরণ।
সেঞ্চুরিয়নে প্রথম ম্যাচের ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা ছিলো সাকিবের। ৬৪ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।