বন্ধুদের সঙ্গে কথোপকথনের জন্য নতুন ফিচারের পরীক্ষা চালাচ্ছে টুইটার। সার্কেল নামক ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ১৫০ জনের বেশি ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে একত্রে কথা বলতে পারবে। খবর ইটি টেলিকম।
স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের রিইউনিয়ন গ্রুপের কার্যক্রম পরিচালনার জন্য ফিচারটি ইতিবাচক। অ্যাপ ডেভেলপার নিমা উজি আসন্ন ফিচারটির বিষয়ে প্রথম টুইট করেন। তিনি বলেন, ওয়েব অ্যাপে টুইটার সার্কেল ইন্ট্রো পেজ চালুর জন্য কাজ করছে টুইটার।
সার্কেল ফিচারে ব্যবহারকারী ১৫০ জনের বেশি অংশগ্রহণকারীকে নির্বাচন করতে পারবেন। সার্কেলে থাকা ফ্রেন্ডরাই শুধু শেয়ার করা টুইট দেখতে পারবে ও কমেন্ট করতে পারবে। ব্যবহারকারীরা চাইলে তাদের সার্কেলের তালিকা হালনাগাদ করতে পারবে।
কাউকে সার্কেল থেকে সরিয়ে ফেলা হলেও বাদ পড়া ব্যবহারকারী তা জানতে পারবে না।
প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত বছর থেকে টুইটার আরো একটি ফিচার নিয়ে কাজ করছে। এর মাধ্যমে ব্যবহারকারী তার পোস্টের জন্য অডিয়েন্স নির্ধারণ করতে পারবেন। টেকক্রাঞ্চের প্রতিবেদনের তথ্যানুযায়ী, টুইটারের সার্কেল ফিচারটি ইনস্টাগ্রামের ফ্রেন্ডস স্টোরি ও গুগল প্লাস সার্কেলের অনুরূপ।



















