শিশুদের আরো উন্নত শিখন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করতে অনলাইন লার্নিং প্লাটফর্মে নতুন ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছে গুগল। ইন্টারেকটিভ লেসন ও রিয়েল টাইম ফিডব্যাকের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হবে। খবর টেকরাডার।
গুগল ক্লাসরুমে আলাদাভাবে অনুশীলন অপশন চালু থাকবে। যারা শিক্ষাদান কার্যক্রমের সঙ্গে যুক্ত, তারা শিক্ষাদানের সঙ্গে সম্পৃক্ত কনটেন্টগুলোকে ইন্টারেকটিভ অ্যাসাইনমেন্টে রূপান্তরিত করতে পারবেন। অটোগ্রেডিং টুল যুক্ত থাকায় খাতা দেখার মতো কাজে ব্যস্ত থাকার পরিবর্তে শিক্ষাদানের সঙ্গে সম্পৃক্তরা শিক্ষার্থীদের প্রয়োজন ও চাহিদার বিষয়টি দেখভাল করতে পারবেন। অনুশীলন সেটের মাধ্যমে শিক্ষকরা কোন পদ্ধতিতে ভালো ফল পাওয়া যাচ্ছে, সেটি নির্ধারণের পাশাপাশি কোন কোন শিক্ষার্থীর আলাদা যত্নের প্রয়োজন তাও জানতে পারবেন।
অনুশীলন সম্পন্ন করার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা রিয়েল টাইম ফিডব্যাক পাবে। ফলে তারা সঠিকভাবে পড়াশোনা করছে কিনা সে বিষয়ে পরিষ্কার ধারণা পাবে। উদাহরণস্বরূপ কোনো শিক্ষার্থী যদি কোনো সমস্যা সমাধানে ব্যর্থ হয়, তাহলে ভিজুয়াল ও ভিডিও সংকেতের মাধ্যমে সেটি সমাধান করতে পারবে। এরপর যখন তারা সঠিক উত্তর পাবে, তখন তাদের সাফল্য উদযাপনে অনুশীলন সেটে ফান অ্যানিমেশন দেখাবে।