বিশ্বজুড়ে বিভিন্ন সময়ে পরিচালিত সাইবার হামলাগুলোর ৭৫ শতাংশ সাধারণ একটি ই-মেইল পাঠানোর মাধ্যমে শুরু করা হয়। সম্প্রতি ট্রেন্ড মাইক্রো প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য ও সতর্কবার্তা দেয়া হয়। খবর টেকরাডার।
সাইবার হামলাসংক্রান্ত সমস্যার সমাধানে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানকে তাদের কর্মীদের ফিশিংসহ ই-মেইলকেন্দ্রিক অন্যান্য আক্রমণের বিষয়ে প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি নিজেদের এবং অন্যদের সুরক্ষিত রাখার পদক্ষেপ গ্রহণের বিষয়ে পরামর্শ দিয়েছে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, দুর্ভাগ্যবশত বিভিন্ন অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীরা প্রাতিষ্ঠানিক ই-মেইল ব্যবহারের সময় ঝুঁকি নিতে পিছপা হন না। বিশেষ করে যারা কভিড-১৯ মহামারীর আগে ও পরে বাসা থেকে কাজ করেছেন, তারা এ ধরনের সমস্যায় বেশি পড়েন।
সাইবার হামলাকারীরাও এ বিষয়ে সচেতন। ফলে তারা সহজেই ই-মেইল পাঠানোর মাধ্যমে হামলা করতে পারছে। ২০২১ সালে ট্রেন্ড মাইক্রো ২ কোটি ৫৭ লাখের বেশি ই-মেইল হামলা শনাক্ত ও প্রতিরোধ করেছে। এ প্লাটফর্মের মাধ্যমে ফিশিং হামলা পরিচালনার যে প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে তা দ্বিগুণেরও বেশি।
একই সময়ে বিজনেস ই-মেইল ব্যবহারের মাধ্যমে হামলা চালানোর হার ১১ শতাংশ কমেছে। তা সত্ত্বেও প্রতিষ্ঠানটির ই-মেইল নিরাপত্তা সলিউশন বড় ধরনের হামলার প্রচেষ্টা বন্ধ করতে সক্ষম হয়েছে। বর্তমানে বিজনেস ই-মেইল ব্যবহারের মাধ্যমে মোট হামলার ৪৭ শতাংশ পরিচালিত হয়। ২০২০ সালে যার হার ছিল ২৩ শতাংশ।



















