প্রতিটি মুদ্রায় দুই হাজার টাকা করে বাড়িয়ে স্মারক বক্সসহ ৬৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এটি ৬৬ হাজার টাকা ছিল। আন্তর্জাতিক ও দেশীয় বাজারে দর বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য করতে দাম পুনঃনির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (৮ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। আজ থেকে নতুন দর কার্যকর হবে।
বাংলাদেশে বর্তমানে তিন ধরনের স্মারক স্বর্ণ মুদ্রা রয়েছে। এসব মুদ্রা হলো- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১। প্রতিটি স্মারক মুদ্রা ২২ ক্যারেট মানের ১০ গ্রাম ওজনের স্বর্ণ দিয়ে প্রস্তুত করা।
এর আগে সর্বশেষ ২০২০ সালের অক্টোবরে প্রতিটি স্বর্ণ মুদ্রায় একবারে ৬ হাজার টাকা করে বাড়িয়ে ৬৬ হাজার টাকা পুনঃনির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। তার আগে ওই বছরের জুন ও ফেব্রুয়ারিতে দুই দফায় প্রতিটি মুদ্রায় ১০ হাজার টাকা বাড়ানো হয়।
স্বর্ণ ছাড়াও রৌপ্য, নিকেল ও কাগুজে স্মারক মুদ্রা রয়েছে। সব মিলিয়ে বর্তমানে স্মারক মুদ্রার সংখ্যা ১৮টি। তিন ধরনের স্বর্ণ মুদ্রার বাইরে দশ ধরনের রয়েছে রৌপ্য, নিকেলের রয়েছে একটি এবং চার ধরনের রয়েছে কাগুজে নোট।
সাধারণভাবে এসব স্মারক মুদ্রা শুধু কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন শাখা অফিস এবং মিরপুরে বাংলাদেশ ব্যাংকের টাকা যাদুঘরে পাওয়া যায়। কোনো ব্যাংক শাখায় গ্রাহকের বিশেষ অনুরোধ থাকলে সে ক্ষেত্রে তারা সংগ্রহ করে দেয়।